ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে গাড়িতে তুলে নিয়ে অপহরণকরার সাথে জড়িত একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাদের মধ্যে এক সাবেক সেনাসদস্য রয়েছেন। অপহরণের এ সব ঘটনায় পুলিশের সাবেক এক কর্মকর্তাও জড়িত বলে সিআইডি তদন্তে বেরিয়ে এসেছে।
শুক্রবার বিকালে সিআইডির বিশেষ পুলিশ সুপার (অরগানাইজড ক্রাইম) মীর্জা আব্দুল্লাহেল বাকী এ তথ্য জানান।
আব্দুল্লাহেল বাকী বলেন, ‘তদন্তের স্বার্থে গ্রেফতারকৃতদের নাম এখনো জানানো হবে না। তবে রাজবাড়ী থেকে একজন, সুনামগঞ্জ থেকে একজন, ঢাকার মিরপুর ও যাত্রাবাড়ী থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি এক্স করোলা গাড়ি উদ্ধার করা হয়েছে। এদের বিরুদ্ধে ধানমন্ডি, খিলগাঁও ও নরসিংদীতে মামলা রয়েছে। গত তিন দিনে ওই সব মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।’
সাবেক সেনাসদস্যের বিষয়ে তিনি বলেন, ‘সেনাবাহিনী থেকে চাকরিহারানোর পর তিনি গাড়ি চালাতেন। এভাবেই কয়েক সন্ত্রাসীর সঙ্গে তার পরিচয়। এরপর তারা গাড়িতে অপহরণ করে ভিকটিমের কাছ থেকে মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করে।’
তাদের জিজ্ঞাসাবাদে জানা গেছে—ওই চক্রে মূলত ছয় সদস্য রয়েছে। এ ছাড়া, আরেও ৫-৬ জন তাদের সঙ্গে কাজ করে। তাদের মূল চক্রে পুলিশ থেকে চাকরি হরানো এক উপপরিদর্শকও (এসআই) রয়েছেন। বর্তমানে তিনি পলাতক। তাদের গ্রেফতারে অভিযান চলছে।