চার দিনেও নায়েক রাজ্জাককে ফেরত দেয়নি মিয়ানমার

 
চার দিন পার হয়ে গেলেও নিয়ে যাওয়া বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নায়েক আবদুর রাজ্জাককে ফেরত দেয়নি মিয়ানমার সীমান্ত পুলিশ (বিজিপি)। এমনকি এ বিষয়ে পতাকা বৈঠকেও সাড়া দিচ্ছে না তারা ।
 
এদিকে নায়েক আবদুর রাজ্জাককে হাতকড়া পড়িয়ে ফেসবুকে ছবি প্রকাশ করেছে বিজিপি। ছবিতে দেখা গেছে নায়েক রাজ্জাকের মুখমণ্ডলে রক্তের দাগ। ছবিতে দেখা গেছে, তাকে লুঙ্গি পড়িয়ে অপরাধীর মতো একটি টেবিলের সামনে দাঁড় করিয়ে রাখা হয়েছে। সামনের টেবিলে রয়েছে একটি এম ২২ রাইফেল, গুলি, চারটি মোবাইল সেট ও দুটি টর্চ লাইট।
 
এর আগে ৪২ বিজিবির অধিনায়েক লে. কর্নেল আবু জার আল জাহিদ দাবি করেছিলেন যে কোনো সময় পতাকা বৈঠক হতে। কিন্তু চার দিন পার হয়ে গেলেও এখনো পর্যন্ত পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়নি। এ বিষয়ে আবু জার আল জাহিদ বলেন, গত বৃহস্পতিবার সকাল ১০টায় কক্সবাজার টেকনাফে স্থলবন্দর রেস্ট হাউজে বিজিবি-বিজিপি পতাকা বৈঠক হওয়ার কথা থাকলেও তা হয়নি। উধ্বর্তন কতৃপক্ষের অনুমতি না পাওয়ায় বিজিপি আসেনি।
 
ঘটনার চতুর্থ দিনে তিনি বলেন, মিয়ানমার সাথে আজও (শনিবার) যোগাযোগ করা হয়েছে, তবে তারা কোনো সাড়া দেয়নি।
 
গত বুধবার সকালে নাফ নদীতে বাংলাদেশের জলসীমায় দুটি নৌকায় তল্লাশি চালায় টহলরত বিজিবির একটি দল। এ সময় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) পূর্বদিক থেকে একটি ট্রলারে করে এসে বিজিবির টহল দলের ওপর বেপরোয়া গুলিবর্ষণ করে। এতে বিজিবির সিপাহি বিপ্লব কুমার (২১) গুলিবিদ্ধ হন। একপর্যায়ে আহত বিপ্লব কুমারকে নিয়ে বিজিবি দল নিরাপদ অবস্থানে চলে এলেও অপর সদস্য নায়েক আবদুর রাজ্জাককে তুলে নিয়ে যায় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী।