বিজিবি সদস্যকে মিয়ানমারে ধরে নিয়ে যাওয়ার ঘটনাটি দেশের জন্য ‘লজ্জাজনক’ মন্তব্য করে তাকে উদ্ধারে তৎপরতার পাশাপাশি সীমান্ত রক্ষী বাহিনীর সক্ষমতা বাড়ানোর দাবি জানিয়েছে বিএনপি।
শনিবার রাজধানীর নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি তুলে ধরেন বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন।
তিনি বলেন, বিজিবির নায়েক আবদুর রাজ্জাককে মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী অপহরণ করেছে। তার প্যান্ট খুলে লুঙ্গি পরিয়ে হাতকড়া পরা একটি ছবি আমরা ফেইসবুকে দেখলাম, যা মিয়ানমারের পত্রিকায় ছেপেছে। এটা আমাদের জন্য লজ্জার। আমাদের মাথা হেঁট হয়ে যায়। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে আবদুর রাজ্জাককে ফিরিয়ে আনা হোক।
তিন দিন আগে কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীতে দুই বাহিনীর গোলাগুলির পর নায়েক রাজ্জাককে ধরে নিয়ে যায় মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী বিজিপি। ‘ভুল বোঝাবুঝির’ কারণে ঘটনাটি ঘটেছে বলে বিজিবি ও স্বরাষ্ট প্রতিমন্ত্রী বললেও এখনও নায়েক রাজ্জাককে ছাড়েনি মিয়ানমার; যদিও ঘটনার পর ঢাকায় তাদের রাষ্ট্রদূতকে ডেকে এনে বিজিবি সদস্যকে ছাড়াতে ব্যবস্থা নিতে বলা হয়েছিল।
সংবাদ সম্মেলনে দলের কারাবন্দি নেতাদের মুক্তির দাবি জানানো হয়।
এছাড়া রমজানে দ্রব্যমূল্য বাড়ার পাশাপাশি খাদ্যপণ্যে ভেজাল প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান রিপন।
সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শাহজাহান মিলন, মাসুদ আহমেদ তালুকদার, হাবিবুর রহমান হাবিব, মুস্তাফিজুর রহমান বাবুল, আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন, এবিএম মোশাররফ হোসেন, রফিক শিকদার, সুলতানা আহমেদও উপস্থিত ছিলেন।