ধোনিকে শান্ত করতেই মুস্তাফিজকে শাস্তি !

বাংলাদেশ-ভারত প্রথমে একদিনের আন্তর্জাতিক ম্যাচে মোস্তাফিজকে ধাক্কার মারার ঘটনায় শুধু ধোনিকে শাস্তি দেয়া হলে ভারতীয় টিম ম্যানেজম্যান্ট ক্রিকেটকে ঘিরে তাদের আধিপত্য দেখাতে প্রস্তুত ছিলেন। গতকাল শুক্রবার ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের শুনানির পর মহেন্দ্র সিং ধোনির সাথে মুস্তাফিজুরকে শাস্তি দেয়া হয়। আর এ কারণেই আপাতত ‘শান্ত’ ভারত শিবির। খবর হিন্দুস্তান টাইমসের।
 
ধোনি-মুস্তাফিজ ইস্যুতে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ‘শোডাউনে’র প্রস্তুতি নিচ্ছিল! মাঠের দুই আম্পায়ার শুধু ধোনিকেই তাদের প্রতিবেদনে অভিযুক্ত করেছিলেন, মুস্তাফিজকে নয়। তাই এই প্রশ্নটা স্বাভাবিকভাবেই উঠে আসে ইচ্ছে করেই ধাক্কা দিলেন ধোনি, কিন্তু শাস্তি কেন দেওয়া হলো দুজনকেই, যেখানে ধোনি এত অভিজ্ঞ, আর মুস্তাফিজের মাত্র অভিষেকই হলো? তবে কি ভারত দল আর ধোনিকে শান্ত করতেই একটা ‘ভারসাম্য’ করার চেষ্টা?  আর সে কারণেই শাস্তি পেলেন মুস্তাফিজও?
 
আইসিসি শুনানিতে ধোনির সামনে তিনটি বিকল্প তুলে দিয়েছিল। প্রথমটি অপরাধ মেনে শাস্তির মুখে দাঁড়ানো। বাকি দুটো বিকল্প হলো, দায় স্বীকার করে কম শাস্তির জন্য আবেদন করা। কিংবা যুক্তিতর্ক তুলে ধরে অভিযোগের বিরুদ্ধে নিজেকে নির্দোষ প্রমাণ করা।
 
ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে মনে হয়েছে, অপরাধ স্বীকার করে নেওয়া মানে আরেকটি পরাজয়। ক্রিকেটীয় আইনে ধোনি তো ঠিকই আছেন।আইনের চোখে মুস্তাফিজ ভুল করেছেন ব্যাটসম্যানের দৌঁড়ের পথে গিয়ে দাঁড়িয়ে। কিন্তু এর আগেও একবার একই ঘটনা ঘটায় এটা স্পষ্ট, মাত্র প্রথম ওয়ানডে খেলতে নামা এই ১৯ বছর বয়সী আসলে ব্যাপারটি সম্পর্কে তেমন একটা অবগতই নন। বরং ভিডিও রিপ্লেতে স্পষ্ট বোঝা গেছে, ধোনি ইচ্ছে করেই মুস্তাফিজকে ধাক্কাটি মেরেছেন। যেটি তিনি না করলেও পারতেন।