রাজধানীর কামরাঙ্গীরচরে একজন ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় দুই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। মামলা দায়েরের পর প্রতারকরা গ্রেফতার হওয়ায় এখন উল্টো বাদীকেই মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে প্রতারকদের স্বজনরা। মামলা তুলে না নিলে বাদীকে ২০ টুকরা করে নদীতে ফেলে দেয়া হবে বলেও হুমকি দেয়া হয়েছে।
কামরাঙ্গীরচর থানা পুলিশ জানিয়েয়েছে—৪৩ লাখ টাকা আত্মসাত্ ও হত্যার হুমকির অভিযোগে ব্যবসায়ী আবুল হোসেন কামরাঙ্গীরচর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় প্রেক্ষিতে পুলিশ কয়েক দিন আগে প্রধান দুই অভিযুক্ত তারেক হোসেন রকি ও রফিকুল ইসলামকে গ্রেফতার করে। তাদের পুলিশ এক দিনের রিমান্ডেও নিয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন। এখন অভিযুক্তদের পক্ষ নিয়ে মন্টু মিয়া নামের এক ব্যক্তি বাদী এবং তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিচ্ছেন। বেশি বাড়াবাড়ি করলে ২০ টুকরা করে নদীতে ফেলে দেয়ার ঘোষণাও দিয়েছেন মন্টু—অভিযোগ করেন ব্যবসায়ী আবুল হোসেন।