বাসায় নিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষণ

রাজধানীর মিরপুরে শেওড়াপাড়ায় এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তিন যুবক গ্রেফতার হয়েছেন। গ্রেফতারকৃতরা হলেন, অহিদুর রহমান রকি, নেওয়াজ শরিফ ও সোহেল। ঢাকার একটি কলেজে পড়ুয়া ওই শিক্ষার্থী শেওড়াপাড়ায় একটি প্রতিষ্ঠানে কম্পিউটার বিষয়ক প্রশিক্ষণ নিতে ভর্তি হয়েছিলেন।
 
মিরপুর থানার পরিদর্শক তদন্ত শফিকুর রহমান জানান, শনিবার সকাল ১০টার দিকে ওই প্রশিক্ষণ কেন্দ্রে গেলে শাওন নামে অপর এক শিক্ষার্থী তাকে পাশের একটি বাসায় শিক্ষক আছে জানিয়ে সেখানে নিয়ে যায়।
 
ওই কলেজ ছাত্রীর অভিযোগের ভিত্তিতে পরিদর্শক আরো জানান, ওই বাসায় যাওয়ার পর শাওন তাকে জোর করে ধর্ষণ করে এবং রকি ভিডিও করে। এরপরই তারা বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা দাবি করে। না হলে ভিডিও ছেড়ে দেওয়ার হুমকি দেয়।
ঘটনার পর ওই শিক্ষার্থী কৌশলে সেখান থেকে বের হয়ে থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে গ্রেফতার করে। তবে শাওনকে পাওয়া যায়নি।
 
ডাক্তারি পরীক্ষার জন্য কলেজ ছাত্রীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।