আগেই ধারণা করা হচ্ছিল—বড় ধরনের কোনো নিষেধাজ্ঞায় খড়্গে পড়তে যাচ্ছেন ব্রাজিলের তারকা স্ট্রাইকার নেইমার। চলতি কোপা আমেরিকায় গ্রুপ পর্বে পর পর দুই খেলায় হলুদ কার্ড পাওয়ায় তার এক ম্যাচের নিষেধাজ্ঞা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। এর মধ্যে কলম্বিয়ার বিপক্ষে অখেলোয়াড়ি আচরণ করে লাল-কার্ড পাওয়ায় জাতীয় দলের হয়ে নেইমারের খেলায় চার ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন (কনমেবল)। এর ফলে চলতি কোপা আমেরিকা শেষ হয়ে গেল ব্রাজিল অধিনায়কের জন্য। সেই সঙ্গে জরিমানাও গুনতে হচ্ছে ক্লাব বার্সেলোনার হয়ে সদ্য ‘ট্রেবল’ শিরোপাজয়ী এই তারকাকে। এই জরিমানার অর্থের পরিমাণ ১০ হাজার ডলার। চিলির সান্তিয়াগোতে কলম্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের খেলায় বলে হাত লাগায় হলুদ কার্ড পান নেইমার। আগের খেলায় পেরুর বিপক্ষে হলুদ কার্ড পান তিনি। যার অর্থ দাঁড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞা। কলম্বিয়ার বিপক্ষেই খেলা শেষে প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে বিবাদেও জড়ান ব্রাজিল অধিনায়ক। জয়সূচক গোল করা প্রতিপক্ষের খেলোয়াড় জেইসন মুরিলোকে লক্ষ করে ঢুস মারতে গিয়ে এবার লাল কার্ড দেখেন নেইমার। এসব কারণে প্রাথমিকভাবে তারকা এই স্ট্রাইকারকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। পরবর্তী সময় কনমেবল কর্তৃপক্ষ সেই দিনের ঘটনা বিশ্লেষণ করে এই ব্রাজিলিয়ানের ওপর নিষেধাজ্ঞার পরিমাণ আরো বাড়ানোর সিদ্ধান্ত নেয়। ফলে ব্রাজিল চলতি কোপার ফাইনাল নিশ্চিত করতে পারলেও মাঠে নামা হবে না নেইমারের। একই খেলায় নেইমারকে পেছন থেকে ধাক্কা মারায় দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে কলম্বিয়ার কার্লোস বাক্কাকে। তারা দুজনই এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন।–সুপার স্পোর্টস অবলম্বনে।