আজ জিতলেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত

 
প্রতি ম্যাচেই যেন নিজেদের ছাড়িয়ে যাওয়ার সুযোগ। গত বৃহস্পতিবারের জয়ে প্রথমবারের মতো আইসিসি র্যাঙ্কিংয়ে সাত নম্বরে উঠে যাওয়া বাংলাদেশের সামনে সুযোগ আজ পয়েন্ট আরো বাড়ানোর। আজ জিতলে ভারতের বিরুদ্ধে সিরিজ নিশ্চিত করে নিজেদের ক্রিকেট ইতিহাসে দিনটিকে স্মরণীয় করে রাখবে মাশরাফি বিন মুর্তজার দল। সেই সঙ্গে নিশ্চিত হবে ইংল্যান্ডে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রাফিতে বাংলাদেশের খেলা।
 
তিন ম্যাচ সিরিজে প্রথমটিতে ভারতকে ৭৯ রানে হারিয়ে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে যাওয়ার পাশাপাশি প্রথমবারের মতো র্যাঙ্কিংয়ে সাত নম্বরে উঠে আসে। ফলে ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার দ্বারপ্রান্তে পৌঁছে যায় বাংলাদেশ দল।
 
আগামী ৩১ অক্টোবর পর্যন্ত র্যাঙ্কিংয়ের শীর্ষ সাতে থাকা দলগুলোর সঙ্গে স্বাগতিক ইংল্যান্ডকে নিয়ে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ওই সময়ের মধ্যে ভারতের বিরুদ্ধে সিরিজের আজকের ম্যাচসহ অবশিষ্ট দুই এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দেশের মাটিতে তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ। অংশগ্রহণ পুরোপুরি নিশ্চিত করতে এই পাঁচ ম্যাচের যে কোন একটি জিততে হবে বাংলাদেশকে।
 
তবে আর কোনো ম্যাচ জিততে না পারলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ থাকবে বাংলাদেশের। সে জন্য পাকিস্তানকে শ্রীলঙ্কার মাটিতে আসন্ন ওয়ানডে সিরিজে যে কোনো ব্যবধানে হারলেই চলবে।
 
ভারতকে ২-১ ব্যবধানে সিরিজ হারালে বাংলাদেশের রেটিং পয়েন্ট দাঁড়াবে ৯৩। আর হোয়াইটওয়াশ করতে পারলে পাওয়া যাবে নিজেদের সর্বোচ্চ রেটিং পয়েন্ট ৯৬।
 
২০১৭ সালের ১ জুন ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে এখনো বিস্তারিত সূচি চূড়ান্ত না হওয়া টুর্নামেন্টটি। ২০১৩ সালে সর্বশেষ আসরটিও অনুষ্ঠিত হয়েছিল ইংল্যান্ডে। ভারত এর বর্তমান শিরোপাধারী।