সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার শুনানি রবিবার শুরু হচ্ছে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইবুনালে। এ উপলক্ষে আদালতে হাজির করা হবে হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নান ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জিকে গৌছকে।
এদিকে জানা গেছে, অসুস্থতার কারণে সিলেট সিটি করপোরেশনের মেয়র (বরখাস্ত) আরিফুল হক চৌধুরী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে আদালত হাজির করা হচ্ছে না।
গত ১১ জুন হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ আলোচিত এই মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ প্রদান করেন। এর আগে গত ২ জুন হবিগঞ্জ জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম নিশাত সুলতানার আদালত থেকে মামলাটি জেলা ও দায়রা জজ আদালতে পাঠানো হয়েছিল।
এই হত্যা মামলায় কারাগারে আটক রয়েছেন হবিগঞ্জ পৌর মেয়র গৌছ ও সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ।
সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী সাগর আহমদ জানান, সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা কিবরিয়া হত্যা মামলায় আটককৃতদের আদালতে হাজিরের জন্য কারাগারে প্রেরণ করা হয়েছে।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কিশোর কুমার কর জানান,সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার পূর্ব নির্ধারিত তারিখ রয়েছে ২১ জুন রবিবার।
উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। ১৯৯৬-২০০১ মেয়াদে আওয়ামী লীগ সরকারের সময় অর্থমন্ত্রী ছিলেন কিবরিয়া।