চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ নিহত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। পাওয়ার টিলারের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তিনি নিহত হন। 
 
শনিবার রাতে উপজেলার ফলিমারী এলাকায় এ দুর্ঘটনায় পুলিশের অপর এক সদস্য আহত হয়েছেন।
 
নিহত কনস্টেবল গোলাম আজম (৫৪) পাবনা জেলার ফরিদপুর উপজেলার দেড়খাদিয়া গ্রামের করিম বক্সের ছেলে। তিনি ভোলাহাট থানায় কর্মরত ছিলেন।
 
দুর্ঘটনায় আহত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলামের বাম পা ভেঙে গেছে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিন আলী জানান, শনিবার রাত ৯টার দিকে মোটরসাইকেলে এসআই শফিকুলের সঙ্গে কনস্টেবল আজম আসামি ধরতে যাচ্ছিলেন। পথে ফলিমারী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পাওয়ার টিলার মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান আজম।
 
দুর্ঘটনায় এসআই শফিকুল গুরুতর আহত হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
ওসি মোহসিন অালী জানান, পাওয়ার টিলারটি জব্দসহ চালক ও সহকারীকে গ্রেফতার করা হয়েছে।