মুস্তাফিজের আসল পরীক্ষা

 
ভারতের বিপক্ষে প্রথম ম্যাচের বিধ্বংসী পারফরম্যান্সের পর হঠাৎই তার দুনিয়া বদলে গেছে।
 
ভারত-বাংলাদেশের পত্রিকাগুলোতে একটার পর একটা ফিচার, তার উঠে আসা নিয়ে গল্প ছাপা হচ্ছে। ফোনের পর ফোন আসছে। নিশ্বাস নেওয়ার অবসরও যেন নেই। রাতারাতি তারকা হয়ে যাওয়া যাকে বলে।
 
অবশ্য মুস্তাফিজ আগের দিনই বলেছেন, তিনি মাটিতে পা রাখছেন। তিনি জানেন, সুযোগ পেলে আবার তাকে শূন্য থেকেই শুরু করতে হবে। আর গতকাল কোচ বললেন, সাফল্য পাওয়াটা মুস্তাফিজের জন্য আগের চেয়ে কঠিন হয়ে যাবে।
 
মুস্তাফিজের খেলাটা এখন কেন কঠিন হয়ে যাবে, সেটা কোচ ব্যাখ্যা করেই বললেন, ‘অবশ্যই। আন্তর্জাতিক ক্রিকেটে যে কোনো বোলারের প্রথম ম্যাচটা একটু সহজ থাকে। সে নতুন থাকে, অপরিচিত থাকে। এটা তার জন্য ইতিবাচক হয়। কিন্তু এটাও সত্যি, আজকের দিনে অভিষেকের আগেও ভিডিও দেখে একটা প্রস্তুতি নেয়া যায়। তবে মুস্তাফিজের ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ হবে। কারণ, এখন ব্যাটসম্যানরা ওকে আরও বোঝার চেষ্টা করবে, আরও সমীহ দেখিয়ে খেলবে।’
 
তবে কোচ এটাও মনে করিয়ে দিলেন, বোলার হিসেবে সফল হতে হলে এই পর্যায়টা পার করতে হবে। আর মুস্তাফিজের সে যোগ্যতা আছে বলেই বিশ্বাস কোচের, ‘তবে কথা হলো, ওকে তো এই পর্যায়টা পার করতেই হবে। আমরা জানি, ভারতীয়রা ওর প্রতি আরেকটু শক্ত হয়ে আসবে এই ম্যাচে। তারও প্রতিভা আছে নিজেকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার।’