‘চারদেশীয় পরিবহন নেটওয়ার্ক অর্থনীতিতে নবধারার সঞ্চার করবে’

 
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘চারদেশীয় পরিবহন নেটওয়ার্ক বিবিআইএন দেশগুলোর অর্থনীতিতে নবধারার সঞ্চার করে পারস্পরিক সম্পর্কে এক নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে।’
 
আজ রবিবার সংসদে বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের (বিবিআইএন) মধ্যে পরিবহন নেটওয়ার্ক গড়ে তুলতে সম্প্রতি তার ভুটান সফর বিষয়ে ৩০০ বিধিতে দেয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
 
মন্ত্রী বলেন, ‘চারদেশীয় পরিবহন নেটওয়ার্ক চারটি মধ্যে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে অভিন্ন পরিবহন নেটওয়ার্ক। যা বিবিআইএন দেশগুলোর অর্থনীতিতে সঞ্চার করবে নবধারা এবং পারস্পরিক সম্পর্কে যোগ করতে যাচ্ছে নতুন মাত্রা। অনেকটা ইউরোপের আদলে চারদেশের মধ্যে চলাচল করবে ব্যক্তিগত গাড়ি ছাড়াও যাত্রীবাহী এবং পণ্যবাহী পরিবহন। উপ-আঞ্চলিক সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন সুদৃঢ়করণে বিবিআইএন মোটর ভেইকল এগ্রিমেন্ট যোগাযোগ কুটনীতির এক অনন্য মাইলফলক। আর এ অর্জনের মূল মানুষটি হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
 
ওবায়দুল কাদের বলেন, ‘বিবিআইএন চুক্তিটি স্বাক্ষরের মধ্য দিয়ে চার দেশের নির্ধারিত রুটে ব্যক্তিগত গাড়ি, পণ্য এবং যাত্রীবাহী পরিবহন চলাচল করতে পারবে। এতে চারদেশের মানুষের মধ্যে পিপল-টু-পিপল কন্ট্রাক্ট প্রতিষ্ঠার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ ঘটবে, যা দেশগুলোর অর্থনীতিতে সঞ্চার করবে গতিময়তা।’
 
তিনি বলেন, ‘উন্নয়ন একটি বহুমাত্রিক ফেনোমেনা। কানেক্টিভিটি একটি বহতা নদীর মতো। প্রবৃদ্ধির মহাসড়কে এখন আর কেউ বিচ্ছিন্ন থাকতে পারে না। উন্নয়ন ও অগ্রগতি রূপকথার পরীর মতো চারদিকে ছড়িয়ে দেয় ডানা। সে ডানায় ভর করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে চাই।’
 

ওবায়দুল কাদের বলেন, ‘মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার যে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। প্রতিবেশি দেশগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন অধিক সুদৃঢ়। আঞ্চলিক ও উপ-আঞ্চলিক উদ্যোগসমূহের প্রতি সরকারের সুদৃঢ় আস্থা ও সমর্থন রয়েছে।’