সাতক্ষীরা যুবকের গলাকাটা লাশ উদ্ধার

 
সাতক্ষীরা সদর উপজেলায় আলমগীর গাজী নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে সীমান্তের কুশখালী মাধ্যমিক বিদ্যালয়ের সামনের একটি পাটখেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। আলমগীর কুশখালী গ্রামের ময়না গাজীর ছেলে।
 
কুশখালী ইউপি চেয়ারম্যান আবু রায়হান জানান, শনিবার রাতে তারাবী নামাজ পড়ার জন্য আলমগীর বাড়ি থেকে বের হয়। নামাজের পর থেকে সে নিখোঁজ ছিল। সকালে স্থানীয়রা পাটখেতে আলমগীরের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
 
স্থানীয়রা জানান, আলমগীর একজন গরু ব্যবসায়ী। রাতে দুর্বৃত্তরা তাকে গলাকেটে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
 
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক শেখ ঘটনা নিশ্চিত করে জানান, লাশের গায়ে একাধিক কোপের দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে ভারতে গরু আনতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন আলমগীর। পরে তাকে হত্যার পর বাংলাদেশে ফেলে রেখে যাওয়া হয়েছে। ঘটনা তদন্তে পুলিশ কাজ শুরু করেছে। পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।