নারায়ণগঞ্জে নৌ-ধর্মঘট

 
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা ধলেশ্বরী মোহনায় শ্রমিকদের ওপর নৌ-চাঁদাবাজদের হামলার প্রতিবাদে রবিবার সকাল থেকে নারায়ণগঞ্জে নৌ-ধর্মঘট পালন করছে নৌযান শ্রমিকরা।
 
জানা গেছে, শীতলক্ষ্যা ধলেশ্বরী মোহনায় প্রতিনিয়ত বালুমহালের ইজারার টোকেন কাটার নামে নৌ-চাঁদাবাজদের হামলার শিকার হচ্ছেন বিভিন্ন নৌযানের শ্রমিকরা। শনিবার সন্ধ্যায় রিফাত ট্রেডাসের নৌ-চাঁদাবাজদের হামলায় তিনটি নৌযানের সুকানীসনহ অন্তত ১৫ জন শ্রমিক মারধরের শিকার হন। এসময় হামলাকারীরা নৌযানে থাকা নগদ অর্থ ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে।
 
রবিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের ৫নং ঘাট এলাকায় শীতলক্ষ্যার তীরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন।
 
বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের নারায়ণগঞ্জ সদর শাখার সভাপতি সরদার আলমগীর মাস্টারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবুজ শিকদার।
 
নারায়ণগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির ওসি শাহ আলম জানান, মারধরের ঘটনায় কিছু সংখ্যক নৌযান চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।