বিএনপির অস্তিত্ব বিলীন হয়ে যাবে: মায়া

 
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট তো দূরের কথা বিএনপি নামক সংগঠনটিরই কোনো অস্তিত্ব থাকবে না।'
 
রবিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
মায়া বলেন, ‘দেশে সন্ত্রাসী ও জঙ্গীবাদী কোন দলের অস্তিত্ব থাকবে না। দেশের মানুষ তাই প্রত্যাশা করে।’
 
বিএনপি নেতা খন্দকার মাহবুব হোসেন গতকাল জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম নামে একটি সংগঠনের আলোচনা সভায় বলেন, ‘বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট কখনো ভাঙবে না। আমরা ২০ দল করি। আমরা কিভাবে করব, না করব, কোন দল আমাদের সাথে থাকবে কি থাকবে না, তা নিয়ে ক্ষমতাসীন দলের মাথা ব্যথার দরকার নেই।’
 
এর জবাবে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, খন্দকার মাহবুব হোসেনের কথায় বোঝা যায় শুধু ২০ দলীয় জোট নয়, বিএনপি নামক সংগঠনটিরই অস্তিত্ব বিলীন হয়ে যাবে।