মিয়ানমান সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক বিজিবির নায়েক আব্দুর রাজ্জাকের পরিবারের দিন কাটছে উদ্বেগ আর উত্কণ্ঠার মধ্যে দিয়ে। তাকে মুক্ত করে ফিরিয়ে দেয়ার দাবি তার পরিবারের। এদিকে বিষাদের মধ্যেই রবিবার বাবা দিবসে পুত্র সন্তানের বাবা হয়েছেন নায়েক আব্দুর রাজ্জাক। বেলা ১১টার দিকে তার স্ত্রী আসমা বেগম একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন।
রাজ্জাকের বাবা তোফাজ্জল হোসেন তারা মোল্লা বলেন, অপহরণের খবর শুনে বিজিবি অফিসারের কাছে ফোন করলে তারা জানায়, রাজ্জাককে দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে।
তিনি আরো জানান, রাজ্জাক ভালো আছে এবং সুস্থ আছে। কিন্তু তিনদিন পার হয়ে গেলও সরকার তাকে উদ্ধার করতে পারেনি। উপরন্তু ফেসবুকে এবং বিভিন্ন মিডিয়ায় তার উপর নির্যাতনের ছবি প্রকাশ করা হয়েছে।
দুই সন্তানের মা রাজ্জাকের স্ত্রী আসমা বেগম স্বামীর কথা বলতে গিয়ে বারবার জ্ঞান হারাচ্ছেন। যখন পরিবারের নতুন সদস্যের জন্য তিনি ক্ষণ গুণছেন সেই সময়ে স্বামীর এমন খবর তাকে দিশেহারা করেছে।
স্থানীয় কলম ইউপি চেয়ারম্যান মইনুল হক চুনু বলেন, আমি সেকানে গিয়েছিলাম। খোঁজ খবর রাখছি। আঃ রাজ্জাক কে ফিরে পেতে তারা উ্দ্বিগ্ন।
নাটোরের পুলিশ সুপার বাসুদেব বনিক বলেন, অপহৃত রাজ্জাকের পরিবারের খোঁজ খবর রাখছেন তিনি। রাজ্জাকের উদ্ধারের খবর পাওয়া মাত্র তার পরিবারকে জানানো হবে।
উল্লেখ্য, মঙ্গলবার অপহরণ করে নাসাকা বাহিনী। তাকে উদ্ধারে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও এখনো অপহূত আব্দুর রাজ্জাককে ফিরিয়ে দেয়নি বার্মা সরকার।এ ব্যাপারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বার্মার রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার।