নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা-ধলেশ্বরী মোহনায় বিভিন্ন নৌযানের সুকানিসহ শ্রমিকদের ওপর নৌ-চাঁদাবাজদের হামলার প্রতিবাদে রবিবার সকাল থেকে নারায়ণগঞ্জে নৌধর্মঘট পালন করছে নৌযান শ্রমিকরা। সকাল সাড়ে ১০টার দিকে শহরের ৫নম্বর ঘাট এলাকায় শীতলক্ষ্যার তীরে সব নৌযান নোঙর করে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন।
জানা গেছে—শীতলক্ষ্যা ধলেশ্বরী মোহনায় প্রতিনিয়ত বালুমহালের ইজারার টোকেন কাটার নামে নৌ-চাঁদাবাজদের হামলার শিকার হচ্ছে বিভিন্ন নৌযানের শ্রমিকরা। শনিবার সন্ধ্যায় রিফাত ট্রেডার্সের নৌ-চাঁদাবাজদের হামলায় তিনটি নৌযানের সুকানীসহ অন্তত ১৫ জন শ্রমিক চাঁদার দাবিতে মারধরের শিকার হয়। এ সময় অনামিকা সামিয়া-১ এর সুকানি নিজামউদ্দিন খান, অনামিকা সামিয়া-২-এর সুকানি ইব্রাহিম মুন্সি, মায়ের দোয়ার সুকানি আলতাফ হোসেনসহ প্রতিটি বাল্কহেডে অন্তত ৪ জন করে শ্রমিক ছিল যারা মারধরের শিকার হয়েছে। এ ছাড়া নৌ-চাঁদাবাজরা নৌযানে থাকা নগদ অর্থ ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে।
বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের নারায়ণগঞ্জ সদর শাখার সভাপতি সরদার আলমগীর মাস্টারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবুজ শিকদার।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—জাহাজি শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত আলী, বাংলাদেশ নৌযান শ্রমিক-কর্মচারী ইউনিয়নের ফতুল্লা ধর্মগঞ্জ শাখার সভাপতি আনিছুর রহমান, ডেমরা শাখার সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক শিমুল দাস, আহত সুকানী নিজামউদ্দিন খান প্রমুখ।
নারায়ণগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির ওসি শাহআলম জানান— মারধরের ঘটনায় কিছুসংখ্যক নৌযান চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।