পতাকা বৈঠক নিয়ে টালবাহানা বিজিপির

 
বৈঠক হবে হচ্ছে-এই আশ্বাসের মধ্যেই পাচঁ দিন পার হয়ে গেলেও অপহরণ করে নিয়ে যাওয়া বিজিবির নায়েক আবদুর রাজ্জাককে এখনো ফেরত দেয়নি  মিয়ানমার। পতাকা বৈঠক নিয়েও চলছে টালবাহানা। এরই মধ্যে পতাকা বৈঠকের আহবান জানিয়ে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীকে (বিজেপি) কয়েক দফা চিঠি দেয়া হলেও কাজের কাজ কিছুই হয়নি। বৈঠক হবে হচ্ছে-এই আশ্বাসের মধ্যেই ঘুরপাক খাচ্ছে গোটা বিষয়টি
 
৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ বলেন, মিয়ানমার সাথে যোগাযোগ  করা হলে তারা পতাকা বৈঠকের  আশ্বাস দেয়। কিন্তু কোনদিন কোথায় হবে পতাকা বৈঠক তা সু-নিদিষ্ট করে এখনো বলেনি। সর্বশেষ রবিবার সকাল সাড়ে ১০ টার দিকেও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কিন্তু বিজিপি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে এখনো অনুমতি পায়নি বলে জানিয়েছে। অনুমতি ফেলে বৈঠকের সময়, দিন ও স্থান নির্ধারণ করছে বলে  জানানো হয়। এদিকে নায়েক আবদুর রাজ্জাককে হাতকড়া পরিয়ে ফেসবুকে ছবি প্রকাশ করেছে বিজিপি। এতে বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে।
 
খোঁজ নিয়ে জানা গেছে, গত মে মাসে নায়েক রাজ্জাক নাফনদীতে অভিযান চালিয়ে ৮০ হাজার ইয়াবাসহ মিয়ানমার রাইক্যং এর এক বাসিন্দাকে আটক করে।  এরই মধ্যে ওই এলাকায় বেশ কয়েকটি ইয়াবার চালান আটক করেছে। এ নিয়ে মিয়ানমার ইয়াবা চোরাকারবারিদের মাঝে ক্ষোভ রয়েছে রাজ্জাকের ওপর। মিয়ানমারের ইয়াবা চোরকারবারিরাই বিজিপিকে দিয়ে একাণ্ড ঘটিয়ে থাকতে পারে। কেননা মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনীর বিরুদ্ধেও ইয়াবা ব্যবসার বিস্তর অভিযোগ রয়েছে।
 
গত বুধবার সকালে নাফ নদীতে বাংলাদেশের জলসীমায় দুটি নৌকায় তল্লাশি চালায় টহলরত বিজিবির একটি দল। এ সময় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) একটি ট্রলারে করে এসে বিজিবির টহল দলের ওপর বেপরোয়া গুলিবর্ষণ করে। এতে বিজিবির সিপাহি বিপ্লব কুমার (২১) গুলিবিদ্ধ হন। একপর্যায়ে আহত বিপ্লব কুমারকে নিয়ে বিজিবি দল নিরাপদ অবস্থানে চলে এলেও অপর সদস্য নায়েক আবদুর রাজ্জাককে অপহরণ করে নিয়ে যায় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী।