কুমিল্লায় বাড়ির মালিকের সাথে পানি নিয়ে বিরোধের জের ধরে মারধরের ঘটনায় মমতাজ বেগম নামে এক ভাড়াটে নিহত হয়েছেন। রবিবার দুপুরে কুমিল্লা মহানগরীর শাসনগাছা এলাকার মুন্সী বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর পুলিশ বাড়ির মালিকের স্ত্রী রুবী আক্তারকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নগরীর শাসনগাছা এলাকার জাবেদ কেরানীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন একই এলাকার আনোয়ার হোসেন ও তার স্ত্রী মমতাজ বেগম (৫৫)। রবিবার দুপুরে মোটরের পানি সরবরাহ নিয়ে বাড়ির মালিক জাবেদের স্ত্রী রুবী আক্তারের সাথে মমতাজ বেগমের ঝগড়া হয়। এক পর্যায়ে রুবী আক্তার ও তার স্বজনরা মমতাজ বেগমকে মারধর করে। এতে মমতাজ বেগম ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ২টার দিকে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
কোতয়ালী মডেল থানার ওসি খোরশেদ আলম জানান, বাড়ির মালিকের স্ত্রীর মারধরে ভাড়াটিয়া মহিলা নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। বাড়ির মালিকের স্ত্রী রুবী আক্তারকে আটক করা হয়েছে। নিহতের শরীরে জখমের চিহ্ন রয়েছে।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।