কুমিল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাতিজা ধারালো অস্ত্রের আঘাতে চাচি খুন হয়েছেন। রবিবার দুপুরে জেলার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের সাঙ্গিশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রহিমা বেগম ওই গ্রামের আবুল খায়েরের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সাঙ্গিশ্বর গ্রামে আবু তাহের ও তার ভাই আবুল খায়েরের পরিবারের ছেলেমেয়েরা পুকুরে গোসল করা নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। এক পর্যায়ে আবু তাহেরের পুত্র শাহজাহান ধারালো অস্ত্র দিয়ে অতর্কিতভাবে তার বড় চাচি রহিমা বেগমের (৫০) উপর হামলা চালায়। এ সময় স্ত্রীকে বাঁচাতে গিয়ে আবুল খায়েরও আহত হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত রহিমা বেগমকে উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে অবস্থার অবনতি দেখে তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।