‘বিএনপির অস্তিত্ব হুমকির মুখে’

 
 
 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘২০ দলীয় জোট কখনোই ভাঙবে না মর্মে বিএনপি নেতাদের বক্তব্যে প্রমাণিত হয়েছে যে, শুধু ২০ দলীয় জোট না, বিএনপি নামক রাজনৈতিক দলটিরই অস্তিত্বও হুমকির মুখে।’
 
রবিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আগামী ২৩ জুন আওয়ামী লীগের ৬৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর সকল কর্মসূচি সফল করার লক্ষে আয়োজিত ঢাকা মহানগর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বলেন, ‘বিএনপির অস্তিত্ব বিলীন হয়ে যাবে। দেশে সন্ত্রাসী ও জঙ্গিবাদী কোন দলের অস্তিত্ব থাকবে না সেটাই দেশবাসী প্রত্যাশা।’
 
ত্রাণমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি উদার গণতান্ত্রিক দেশ হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষে কাজ করে যাচ্ছেন। বিএনপি-জামায়াত যতই ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ড করুক না কেন ২০১৯ সালের আগে দেশে কোন জাতীয় নির্বাচন হবে না। আর ওই নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে। নির্বাচনে অংশ গ্রহণ না করলে বিএনপির আম-ছালা দুটোই যাবে।’