ঘর আলো করে এসেছে সন্তান, তবু ‘অন্ধকার’ পরিবারে

মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপির) হাতে আটক বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) এর নায়েক আব্দুর রাজ্জাকের নাটোরের বাড়িতে গতকাল রবিবার ঘর আলো করে এসেছে এক পুত্র সন্তান। তবু তার পরিবারের সদস্যদের মুখে রাজ্যের অন্ধকার। নেই কোন আনন্দ-উচ্ছ্বাস। রাজ্জাককে উদ্ধারে কোনো পক্ষ থেকে উল্লেখযোগ্য কোন পদক্ষেপ না দেখে হতাশ হয়ে পড়েছেন তার বৃদ্ধ বাবা তোফাজ্জল হোসেন, মা বুলবুলি বেগম ও স্ত্রী আসমা।

 
গতকাল সকাল সাড়ে ১১টার দিকে জেলার সিংড়া উপজেলার বলিয়াবাড়ী গ্রামে নায়েক আব্দুর রাজ্জাকের বাড়িতে গিয়ে দেখা যায় সেখানে চলছে শোকের মাতম। সন্তানের ভবিষ্যত্ চিন্তায় অঝোরে কাঁদছেন তার পিতা ও মাতা। বার বার জ্ঞান হারাচ্ছেন সদ্য মা হওয়া আসমা বেগম। অন্যদিকে বাবার জন্য কাঁদছে রাজ্জাকের বড় দুই সন্তান রাকিবুল ও রিতু মনি। পরিবারের লোকজন ও এলাকাবাসী সাংবাদিকদের জানায়, ১৬ জুন মঙ্গলবার রাতেও তিনি বাড়িতে ফোন করে বাবা-মা ও স্ত্রীর সাথে কথা বলেছেন। পরের দিন বুধবার ভোরে নাফ নদীতে অন্য ছয় সহকর্মীর সাথে টহল দেয়ার সময় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী তাদের উপর হামলা করলে একজন গুলিবিদ্ধ হয় এবং রাজ্জাক অপহূত হন। বিজিবি, পুলিশ বা সরকারের কেউ রাজ্জাকের পরিবারকে এই খবর দেয়নি। সিঙ্গাপুরে বসবাসকারী রাজ্জাকের মামা ভুট্টু মিয়া ফেসবুকে ভাগ্নের হাতকড়া পরা ও নাকে রক্ত মাখা ছবি দেখে তার গ্রামের বাড়ি নাটোরের সিংড়া উপজেলার বলিয়াবাড়ী গ্রামে প্রথম খবর দেন। তারা দ্রুত রাজ্জাককে দেশে ফিরিয়ে এনে পরিবারের মাঝে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন।
 
পতাকা বৈঠক নিয়ে
 
টালবাহানা
 
টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা জানান, বৈঠক হবে হচ্ছে-এই আশ্বাসের মধ্যেই পাঁচ দিন পার হয়ে গেলেও আব্দুর রাজ্জাককে এখনো ফেরত দেয়নি মিয়ানমার। পতাকা বৈঠক নিয়েও চলছে টালবাহানা। এরই মধ্যে পতাকা বৈঠকের আহবান জানিয়ে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীকে (বিজেপি) কয়েক দফা চিঠি দেয়া হলেও কাজের কাজ কিছুই হয়নি।
 
এ ব্যাপারে বিজিবি’র ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ বলেন, ঘটনার পর থেকে মিয়ানমার সাথে যোগাযোগ  করা হলে তারা পতাকা বৈঠকের আশ্বাস দেয়। কিন্তু কোনদিন কোথায় হবে এই বৈঠক তা সুনির্দিষ্ট করে এখনো বলেনি। সর্বশেষ রবিবার সকালে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কিন্তু বিজিপি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে এখনো অনুমতি পায়নি বলে জানিয়েছে। অনুমতি না নিয়ে বৈঠকের সময়, দিন ও স্থান নির্ধারণ করা তাদের পক্ষে সম্ভব নয় বলে জানানো হয়। নায়েক আব্দুর রাজ্জাককে হাতকড়া পরিয়ে ফেসবুকে ছবি প্রকাশ করায় বিজিবি’র পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে।
 

বিজিবির একটি সূত্র জানায়, গত মে মাসে নায়েক আব্দুর রাজ্জাক নাফ নদীতে অভিযান চালিয়ে ৮০ হাজার ইয়াবাসহ মিয়ানমারের রাইক্যং এর এক চোরাকারবারিকে আটক করে। এরই মধ্যে ঐ এলাকায় বেশ কয়েকটি ইয়াবার চালান আটক করেন। বিজিবির এক পরিসংখ্যানে গত এক বছরে ঐ স্থানে শুধু রাজ্জাকের অভিযানে ১২ লাখ ইয়াবা উদ্ধার হয়েছে।