হায়দ্রাবাদে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি ২’

‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি’ ছবির সাফল্যের পর নির্মাণ হচ্ছে এর সিক্যুয়াল ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি ২’। এবারও ছবিতে মূল চরিত্রে আছেন শাকিব খান ও জয়া আহসান। ছবিটি পরিচালনা করেছেন সাফি উদ্দিন সাফি। কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন রুম্মন রশীদ। এছাড়াও এই ছবিতে নতুন মুখ আছেন ইমন ও মৌসুমি হামিদ।

 
ছবিটির শুটিং প্রায় শেষের দিকে। ডাবিং ও এডিটিং শুরু হয়ে গেছে। কয়েকটি গান ও সিক্যুয়েন্স বাকি আছে। ঈদের পর হায়দ্রাবাদে বাকি অংশের শুটিং করা হবে। তবে এ পর্যন্ত ছবির লোকেশন ছিল দেশের মধ্যেই। ছবিটি প্রসঙ্গে পরিচালক সাফি উদ্দিন সাফি বলেন, ‘প্রথম ছবিটির পর দর্শকদের সাড়া খুব ভালো পেয়েছি, আর তাদের অনুরোধেই সিক্যুয়েল করা। আশা করি, এই ছবিটিও দর্শকদের কাছে ভালো লাগবে। দর্শক এখন আর নকল গল্প দেখতে চায় না। আমার এই ছবিটি সম্পূর্ণ মৌলিক গল্পের।’
 
সাফি উদ্দিন সাফি চলতি সময়ে এই ছবিটিই নিয়েই ব্যস্ত আছেন। এছাড়া তার পরিচালিত ‘ব্ল্যাক মানি’ ছবিটি আগামী আগস্টে মুক্তি দেওয়ার কথা জানান সাফি।