মাদারীপুরে নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ

মাদারীপুরে যৌতুকের দাবিতে নির্যাতনে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ   পাওয়া গেছে। 
 
রবিবার রাতে পশ্চিম বালিগ্রাম থেকে খাদিজা বেগম নামে ২৪ বছর বয়সী ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়। খাদিজার মায়ের অভিযোগেই ডাসার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
 
কালকিনি উপজেলার ডাসার থানার উপ-পরিদর্শক এমদাদ হোসেন মৃতের পরিবারের বরাত দিয়ে জানান, ছয় বছর আগে সদর উপজেলার ঝাউদি গ্রামের ইউসুব ফকিরের ছেলে এনায়েত ফকিরের সঙ্গে বিয়ে হয় খাদিজার।
 
বিয়ের পর থেকেই যৌতুকের জন্য স্বামী ও শ্বশুড়বাড়ির লোকজন তাকে নির্যাতন করে আসছিল বলে অভিযোগ করেছেন খাদিজার মা সুরাতন বিবি।
 
খাদিজার মা জানান, বিয়ের সময় ‘জিনিসপত্র’ দেয়া হলেও পরে বিভিন্ন সময় টাকা চাইতেন এনায়েত। টাকা না পেয়ে দুই মাস আগে শ্বশুরবাড়ির লোকজন আমার মেয়েকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। তার গর্ভের সন্তান তখন নষ্ট হয়ে যায়।
 
সুরাতন বিবি বলেছেন, টাকার অভাবে তার মেয়ের চিকিৎসাও ঠিকমতো করা সম্ভব হচ্ছিল না। তখন থেকেই খাদিজা অসুস্থ ছিলেন।
 
ময়নাতদন্তের জন্য সোমবার সকালে লাশ মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।