২০৯টি পাটকল চালু রয়েছে: ইমাজউদ্দিন প্রামাণিক

বস্ত্র ও পাট মন্ত্রী মুহাম্মদ ইমাজউদ্দিন প্রামাণিক বলেছেন, বর্তমানে দেশের ২০৯টি পাটকল চালু রয়েছে। এসব মিলের শ্রমিক সংখ্যা ১ লাখ ৯৩ হাজার ৭০১ জন।
 
সোমবার সংসদে জাতীয় পার্টির সদস্য এ কে এম মাঈদুল ইসলামের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
 
ইমাজউদ্দিন প্রামাণিক বলেন, বর্তমানে বিজেএমএ’র আওতাধীন ৩৫টি ও বিজেএসএ’র আওতাধীন ২৬টিসহ মোট ৬১টি মিল বন্ধ রয়েছে। সেগুলোর বেকার শ্রমিকের সংখ্যা বিজেএমএ’র ৪৭ হাজার ৬৮২ জন এবং বিজেএসএ’র ৮ হাজার ৪৭৫ জনসহ মোট ৫৬ হাজার ১৫৭ জন। বিজেএমসির আওতাধীন কোন পাটকল বন্ধ নেই বিধায় কোন শ্রমিক বেকার নেই বলে তিনি জানান।
 
বস্ত্র ও পাট মন্ত্রী বলেন, প্রাইভেট সেক্টরে চালু মিল বিজেএমএ’র আওতাধীন ১০৪ এবং বিজেএসএ’র আওতাধীন ৮০টিসহ মোট ১৭৪টি জুট মিল রয়েছে।
 
তিনি বলেন, ওই মিলসমূহে হেসিয়ান, সেকিং, সিবিসি (কার্পেট বেকিং ক্লথ), কার্পেট, ইয়ার্ন/টোয়াইন উৎপাদিত হয়।
 
২০১৩-১৪ অর্থবছরে দেশে ৭৫ দশমিক ০১ লাখ বেল পাট উৎপন্ন হয়েছে।