রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, ‘‘রেলপথকে যুগোপযোগীকরণ, রেলওয়ের সক্ষমতা বৃদ্ধি, নিরাপদ, সাশ্রয়ী, নির্ভরযোগ্য, পরিবেশ বান্ধব ও যাত্রী সেবামূলক গণপরিবহন মাধ্যম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার সর্বাধিক গুরুত্ব দিয়েছে।’’
সোমবার সংসদে জাতীয় পার্টির সদস্য বেগম সালমা ইসলামের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশ রেলওয়েতে ৩৩ হাজার ৬৪৭ দশমিক ২২ কোটি টাকা ব্যয়ে মোট ৪৮টি প্রকল্প চলমান রয়েছে। ৪৮টি প্রকল্পের অনুকূলে ২০১৪-১৫ অর্থবছরে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) ৩ হাজার ৪৪৯ দশমিক ৯৮ কোটি টাকা বরাদ্দ রয়েছে।
তিনি বলেন, ‘বর্তমানে বাংলাদেশ রেলওয়েতে নতুন ট্রেন চালু করার একটি বড় বাধা হলো ডাবল লাইন না থাকা। সর্বাধিক গুরুত্বপূর্ণ ঢাকা-চট্টগ্রাম রেলওয়ে করিডোরকে ডাবল লাইনে উন্নীত করার কাজ শুরু করা হয়েছে।’
রেলপথ মন্ত্রী আরো জানান, তারাকান্দি থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত ৩৫ কিলোমিটার, লাকসাম-চিনকীআস্তানা ৬১ কিলোমিটার এবং ফরিদপুর-পাচুরিয়া ১০ কিলোমিটার মোট ১০৬ কিলোমিটার নতুন রেললাইন স্থাপনের কাজ শেষ হয়েছে। এছাড়া বর্তমান সরকারের মেয়াদে ২০৭ কিলোমিটার মিটারগেজ রেললাইনকে ডুয়েলগেজে রূপান্তর করা হয়েছে।