নারায়ণগঞ্জে রডভর্তি একটি ট্রাকে ডাকাতির সময়ে পুলিশের সঙ্গে ডাকাতদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ডাকাত দলের এক সদস্যসহ পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার ফতুল্লায় এই ঘটনা ঘটে।
আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাস্থল থেকে ৩টি রাম দা, সুইস গিয়ার ও একটি কাটার উদ্ধার করেছে পুলিশ।
ফতুল্লা মডেল থানার এএসআই কামরুল হাসান জানান, সোমবার ফজর নামাজের আযানের সময় ঢাকা থেকে রড বোঝাই একটি ট্রাক ডাকাতি করে ফতুল্লার দিকে আসার সময় পোস্ট অফিস তুফানী জামে মসজিদের সামনে তাদের আটকের চেষ্টা করি। এ সময় তারা ট্রাক দিয়ে আমাদের পুলিশকে বহন করা মাইক্রোবাসকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন আমরাও মাইক্রোবাস নিয়ে তাদের পিছু নিলে তারা বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে। এতে আমরাও পাল্টা কয়েক রাউন্ড গুলি ছুড়ি। এক পর্যায়ে তারা আমাদের মাইক্রোবাসকে চাপা দিয়ে রাস্তার পাশে ফেলে দিয়ে চলে যায়। এতে গাড়িতে থাকা পাঁজজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়। আহতরা হলেন- এসআই নাহিদ আহমেদ, এএসআই কামরুল হাসান, কনেস্টেবল মোজাম্মেল সুলতান, সোহেল ও ডাকাত কালাম। এরপরও আমরা তাদের পিছু নিলে তারা গুলি ছুড়ে (রংপুর-ট-৮১৭৩) নাম্বারের ট্রাক রেখে পালিয়ে যাওয়ার সময় ইব্রাহিম মিয়া কালাম নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটে পড়ে এবং অন্যরা পালিয়ে যায়। আটক ইব্রাহিম ফতুল্লার পাগলা জেলেপাড়া এলাকায় বসবাস করেন।