বস্ত্র ও পাট মন্ত্রী মুহা. ইমাজউদ্দিন প্রামাণিক বলেছেন, বর্তমানে দেশের ২০৯টি পাটকল চালু রয়েছে। এসব মিলের শ্রমিক সংখ্যা ১ লাখ ৯৩ হাজার ৭০১ জন।
সোমবার সংসদে জাতীয় পার্টির সদস্য এ কে এম মাঈদুল ইসলামের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
ইমাজউদ্দিন প্রামাণিক বলেন, বর্তমানে বিজেএমএ’র আওতাধীন ৩৫টি ও বিজেএসএ’র আওতাধীন ২৬টিসহ মোট ৬১টি মিল বন্ধ রয়েছে। সেগুলোর বেকার শ্রমিকের সংখ্যা বিজেএমএ’র ৪৭ হাজার ৬৮২ জন এবং বিজেএসএ’র ৮ হাজার ৪৭৫ জনসহ মোট ৫৬ হাজার ১৫৭ জন। বিজেএমসির আওতাধীন কোন পাটকল বন্ধ নেই বিধায় কোন শ্রমিক বেকার নেই।
বস্ত্র ও পাট মন্ত্রী বলেন, প্রাইভেট সেক্টরে চালু মিল বিজেএমএ’র আওতাধীন ১০৪ এবং বিজেএসএ’র আওতাধীন ৮০টিসহ মোট ১৭৪টি জুট মিল রয়েছে। ওই মিলসমূহে হেসিয়ান, সেকিং, সিবিসি (কার্পেট বেকিং ক্লথ), কার্পেট, ইয়ার্ন/টোয়াইন উৎপাদিত হয়। ২০১৩-১৪ অর্থবছরে দেশে ৭৫ দশমিক ০১ লাখ বেল পাট উৎপন্ন হয়েছে বলে তিনি সংসদকে অবহিত করেন।