আবিদজানে জুনে বৃষ্টিতে কমপক্ষে ১৬ জনের প্রাণহানি

আইভরিকোস্টের বাণিজ্যিক রাজধানী আবিদজানে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা, ভূমিধসসহ বিভিন্ন কারণে চলতি মাসের এখন পর্যন্ত কমপক্ষে ১৬ জনের প্রাণহানি হয়েছে।
 
বেসামরিক সুরক্ষা বিষয়ক প্রধান জেনারেল ফাকরি কিলি বলেন, আবিদজানের পার্শ্ববর্তী আটেকাউবি ও আদজামে এলাকায় ভূমিধস ও ঘরের দেয়াল ভেঙে কয়েক জনের মৃত্যু হয়েছে। চলতি মাসের শুরুতে বন্যায় কমপক্ষে ১০ জনের প্রাণহানি হয়।
 
শুক্রবার দমকল বাহিনীর এক পর্যবেক্ষক জানান, ৭ থেকে ১৮ জুনের মধ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে। তিনি বার্তা সংস্থা এএফপিকে বলেন, আবিদজানের বিভিন্ন জেলায় লাশগুলো পাওয়া গেছে।
 
রাষ্ট্র পরিচালিত দৈনিক ফ্রাটারনিটে মাটিনের শুক্রবারের সংস্করণে ১০ জনের মৃত্যুর খবর লেখা হয়।
 
আবিদজানে প্রতি বছর বৃষ্টির পানিতে প্রাণহানি ঘটে। ২০০৯ সালে জুনে ২১ জন ও ২০০৮ সালে সাতজনের মৃত্যু হয়েছিল। এছাড়া ২০১১ সালে ১১ ও ২০১৪ সালে ৩৯ জনের প্রাণহানি ঘটে।