হোয়াইটওয়াশ দেখার প্রত্যাশা এমপিদের

ভারতের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের আনন্দ জাতীয় সংসদ অধিবেশনেও ঢেউ তুলেছিল। টাইগারদের অভিনন্দনে সিক্ত করার পাশাপাশি পাকিস্তানের মতো ভারতকেও ‘হোয়াইটওয়াশ’ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংসদ সদস্যরা। সিরিজের প্রথম ম্যাচে অভিষেকেই পাঁচ উইকেট পাওয়ার পর রবিবার ছয় উইকেট নিয়ে ইতিহাস গড়া তরুণ মুস্তাফিজুরের প্রশংসাতেও মুখর ছিলেন তাঁরা। গতকাল সোমবার  সকালে জাতীয় সংসদের অধিবেশনের সংসদ সদস্যরা এসব কথা বলেন। অধিবেশনের শুরুতেই স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদের পক্ষ থেকে ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে অভিনন্দন জানান। এ সময় সংসদ সদস্যরা টেবিল চাপড়ে এর সমর্থন জানান।

 
ক্রিকেট দলকে স্পিকারের অভিনন্দনের পর সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম বলেন,  বাংলাদেশ ক্রিকেট দল ভারতকে হারিয়ে সিরিজ জয় করায় আজ আনন্দের জোয়ারে ভাসছে দেশ।
 
মুস্তাফিজের ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচেই ১১ উইকেট পাওয়ার রেকর্ড আর কারো নেই। এই দুর্দান্ত জয়ে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত হয়েছে। সেইসঙ্গে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের পর এবার ভারতকেও ‘হোয়াইটওয়াশ’ করার আশা জাগিয়েছেন মাশরাফিরা। এই প্রত্যাশার কথাও জানিয়েছেন সংসদ সদস্যরা।
 
সরকারি দলের সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপস বাংলাদেশের টেস্ট ও ওয়ানডে স্ট্যাটাস অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে বলেন, বাংলার টাইগাররা আবার থাবা দিয়ে বুঝিয়ে দিয়েছে। ইনশাল্লাহ ২৪ জুন ভারতকে ‘হোয়াইটওয়াশ’ করে বিজয়যাত্রা অব্যাহত রাখব।
 
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফজিলাতুন্নেসা বাপ্পী বলেন, আমাদের সোনার ছেলেরা বিশ্বকে জানিয়ে দিয়েছে, কাঁপিয়ে দিয়েছে, শুনিয়ে দিয়েছে বাঘের গর্জন।
 

প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনাতে অংশ নিয়েও সংসদ সদস্যরা অভিনন্দনের জোয়ারে ভাসিয়েছেন বাংলাদেশের ক্রিকেট দলকে।