কেন্দ্রীয় ব্যাংকের ২০ কর্মকর্তাকে শোকজ

বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টালিজেন্স ইউনিটে (বিএফআইইউ) চুক্তিভিত্তিক মহাব্যবস্থাপক নিয়োগের বিরোধিতা করায় ব্যাংকের ২০ কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। গতকাল কেন্দ্রীয় ব্যাংকের মানবসম্পদ বিভাগ থেকে ২০ কর্মকর্তাকে এ সংক্রান্ত চিঠি দেয়া হয়েছে। আগামী ৩ দিনের মধ্যে তাদেরকে চিঠির জবাব দিতে বলা হয়েছে।

 
চুক্তিভিত্তিক মহাব্যবস্থাপক নিয়োগের সিদ্ধান্ত ও কর্মকর্তাদের শোকজের ঘটনায় বাংলাদেশ ব্যাংকের সব কর্মকর্তাদের নিয়ে আজ মঙ্গলবার সর্বদলীয় সভা আহ্বান করা হয়েছে। এ সভাতেই পরবর্তী করণীয় ঠিক হবে।
 

জানা গেছে, গত সোমবার পর্ষদ সভায় বিএফআইইউতে নিয়মিত মহাব্যবস্থাপকের পরিবর্তে চুক্তিভিত্তিক নিয়োগের সিদ্ধান্ত হয়। এ দিন ব্যাংকের প্রায় দেড় শতাধিক কর্মকর্তা গভর্নর ভবনের সামনে উপস্থিত হয়ে এর প্রতিবাদ জানান। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের কর্মকাণ্ডে গতিশীলতার স্বার্থে চুক্তিভিত্তিক নিয়োগ থেকে সরে আসতে পরিচালকদের কাছে স্মারকলিপি দেয়া হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল কেন্দ্রীয় ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক, যুগ্মপরিচালক ও উপ-পরিচালক পদমর্যাদার ২০ কর্মকর্তাকে চিঠি দিয়ে কেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে না, ৩ দিনের মধ্যে তার জবাব দিতে বলা হয়েছে।