পুনঃঅর্থায়নের আওতায় ঋণ পাবে প্লাস্টিক ও চামড়া কারখানা

তৈরি পোশাকের পাশাপাশি প্লাস্টিক ও চামড়া কারখানার কর্মপরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে স্বল্প সুদের ঋণ সুবিধা নিতে পারবেন মালিকরা। নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশবান্ধব খাতে বাংলাদেশ ব্যাংকের বিদ্যমান পুনঃঅর্থায়ন কর্মসূচির আওতায় এ ঋণ দেয়া হবে। গতকাল এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে।

 
নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশবান্ধব খাতে বিনিয়োগের জন্য বাংলাদেশ ব্যাংকে ২০০ কোটি টাকার একটি তহবিল রয়েছে। এ তহবিল থেকে অর্থ নিয়ে ব্যাংকগুলো ৯টি খাতের ৪৭টি পণ্যে পুনঃঅর্থায়ন করতে পারে। এখন নতুন করে কারখানার কর্মপরিবেশ খাতের আওতায় চামড়া ও প্লাস্টিক শিল্প অন্তর্ভুক্ত করায় মোট পণ্যের সংখ্যা দাঁড়ালো ৪৯টি। কারখানার কর্মপরিবেশ নিশ্চিত করতে ব্যাংক থেকে মাত্র ৯ শতাংশ সুদে এ ঋণ পাবেন উদ্যোক্তারা।
 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এখন থেকে কারখানায় কর্মরতদের কর্মপরিবেশ ও নিরাপত্তা নিশ্চিতকরণের আওতায় প্লাস্টিক ও চামড়া কারখানা স্বল্প সুদে ঋণ সুবিধা পাবে। এক্ষেত্রে বাংলাদেশ প্লাস্টিক পণ্য উত্পাদন ও রফতানিকারক অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ) এবং চামড়া ও চামড়াজাত পণ্য উত্পাদন ও রফতানিকারক অ্যাসোসিয়েশনের (এলএফএমইএ) সদস্যভুক্ত যেসব শিল্প প্রতিষ্ঠানের নিজস্ব কারখানা আছে তারা ঋণের জন্য আবেদন করতে পারবে। এসব কারখানার নিরাপদ কর্মপরিবেশ তথা অগ্নিনির্বাপক সামগ্রী, অগ্নি প্রতিরক্ষামূলক সামগ্রী, ছাদ এবং ভূগর্ভে প্রয়োজনীয় সংখ্যক পাম্পসহ পানি সংরক্ষণাগার নির্মাণসহ সংস্কার, পুনর্গঠন, প্রতিস্থাপন কাজের জন্য পুনঃঅর্থায়নের জন্য ঋণ দেয়া যাবে।