সাতক্ষীরায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' গুলিবিদ্ধ ১

সাতক্ষীরায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' আজহারুল ইসলাম নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে ১টি ওয়ান শুটারগান, ১ রাউন্ড গুলি ও ২০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। 
 
সোমবার রাত সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা-ভোমরা সড়কের 
নবাতকাটি এলাকায় এ ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ আজহারুল ইসলাম সদর উপজেলার হাড়দ্দহ গ্রামের রহিম বক্সের ছেলে। 
 
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাকারবারীদের একটি সংঘবদ্ধ দল ভারত থেকে মাদক ও অস্ত্র এনে বিক্রয়ের উদ্দেশ্যে নবাতকাটি এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পুলিশকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালালে আজহারুল গুলিবিদ্ধ হন। তবে, অন্যান্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে আহত আজহারুলকে আটক করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। 
 
তিনি আরো জানান, তার বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় চারটি চোরাচালানী মামলা রয়েছে।