রবিবার দুঃস্বপ্নের রাত কাটানোর পর সোমবার নিজ ঘর থেকে বের হলেন না ধোনি। দেখা গেল না ব্রেকফাস্ট টেবিলে, লাঞ্চও নিয়ে গেলেন নিজের রুমে। এমনকি টিম মিটিংয়েও নাকি চরম নিস্পৃহ দেখিয়েছে ভারতীয় অধিনায়ককে। খবর আনন্দবাজার পত্রিকার।
পত্রিকাটির প্রতিবেদন বলছে, সাম্প্রতিক সময়ে মহেন্দ্র সিংহ ধোনিকে নাকি এতটা বিষণ্ন কখনও দেখায়নি।
হোটেলে টিম ইন্ডিয়ার চিত্র আঁকতে গিয়ে প্রতিবেদনে দেখানো হয়েছে, প্রতিদিন বিকেল পাঁচটা বাজলে ডিরেক্টর রবি শাস্ত্রীর সঙ্গে টিমের আরো পাঁচ/ছয় জনকে সুইমিং পুলে দেখা যেত। অথচ বাংলাদেশের কাছে সিরিজ হারের পর দেখা গেল জিম শেষ করে সুরেশ রায়না আর স্টুয়ার্ট বিনি মিনিট পাঁচেকের জন্য এলেন, কীভেবে চলেও গেলেন। শাস্ত্রীকেও কোথাও দেখা গেল না। বিরাট কোহলিও নিশ্চুপ। রবিবারের হারের পর কোনো কথাবার্তা বলেননি।
শোনা কথার উল্লেখ করে পত্রিকাটি জানিয়েছে, ওই রাতে লজ্জাজনক হারের পর টিমকে টেনে ওঠানো যাচ্ছিল না। বাস পর্যন্ত হেঁটে যাওয়ার শক্তিও ছিল না কারও। ‘রাত হয়ে যাচ্ছে’ বলে-টলে শেষ পর্যন্ত ভারতীয় টিমকে বাসে তোলা হয়। আর ধোনি উঠে চলে যান একদম শেষ সিটে। বসে পড়েন নিঃশব্দে। পাশে কেউ ছিল না। ধোনিও কাউকে আর ডাকেননি।