সরকার উন্নয়ন বাজেটে বিনিয়োগ বৃদ্ধি করেছে: পরিকল্পনামন্ত্রী

 
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘বাংলাদেশকে একটি উন্নত ও স্বাবলম্বী দেশ হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে এ সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে ধারাবাহিকভাবে উন্নয়ন বাজেটে সরকারি বিনিয়োগ বৃদ্ধি করেছে।’
 
মঙ্গলবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য মমতাজ বেগমের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, ২০১৫-১৬ অর্থবছরে বার্ষিক উন্নয়নে কর্মসূচির বরাদ্দ ৯৭ হাজার কোটি টাকায় উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। এটি টাকার অংকে এ যাবত কালের সর্ববৃহত্ বিনিয়োগ পরিকল্পনা। বিগত ৫ বছরে গড় প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৩ শতাংশ।
 

মুস্তফা কামাল বলেন, ‘বর্তমান সরকারের সমন্বিত প্রয়াসের ফলে অর্থবছর ’১০ থেকে অর্থবছর’ ১৪ পর্যন্ত দেশে ও বিদেশে মিলে মোট ১০ দশমিক ০৮ মিলিয়ন কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। দেশের ব্যক্তি খাতের বিনিয়োগকে প্রয়োজনীয় নীতিগত সহায়তা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করার ফলশ্রুতিতে শ্রম উত্পাদনশীলতা রফতানি আয় বৃদ্ধি পেয়েছে।’