সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমিনুল হক ভূইয়ার পদত্যাগ দাবিতে বিশ্ববিদ্যালয়ের দুইটি প্রশাসনিক ভবনে তালা দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে সরকার দলীয় শিক্ষকদের একাংশ তালা দিয়ে অবরুদ্ধ করে রাখে।
সকালে আওয়ামী লীগপন্থী ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুব্ধ শিক্ষক পরিষদের’ ব্যানারে শিক্ষকরা প্রথমে পরীক্ষা নিয়ন্ত্রকের দফতরে তালা ঝুলিয়ে দেন। পরে তারা তালাবদ্ধ উপাচার্য ভবনের সামনে ব্যানার ঝুলিয়ে অবস্থান নেন।
সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক সৈয়দ সামসুল আলম বলেন, উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে তার পদত্যাগের দাবিতে গত ১৩ এপ্রিল থেকে আন্দোলন করে আসছে সংগঠনটি।
গত ২০ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ৩৭টি প্রশাসনিক পদ ছাড়েন ৩৫ জন শিক্ষক। এরপর ২৩ এপ্রিল উপাচার্য আমিনুল হক ভূইয়া সিন্ডিকেট বৈঠক ডেকে দুই মাসের ছুটিতে যান। তার পরিবর্তে অধ্যাপক ইলিয়াস উদ্দিন বিশ্বাস ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন।
সোমবার ছুটি শেষ হওয়ার আগে হঠাত্ নিজের কার্যালয়ে ফেরেন উপাচার্য। কাজে যোগ দিয়ে তিনি নতুন প্রক্টরিয়াল কমিটির অনুমোদন দেন। এর প্রতিবাদে সকাল থেকে বিকাল পর্যন্ত উপাচার্যকে অবরুদ্ধ করে রাখেন আন্দোলনরত শিক্ষকরা।