ঢাকার কেরাণীগঞ্জের ঘাটারচর এলাকায় অভিযান চালিয়ে (র্যাব) র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান ১৭ টি গোখরা সাপসহ বাবুল মিয়া (২৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে। বন্যপ্রাণী সংরক্ষন ও নিরাপত্তা আইনের ৪০ ধারা অনুযায়ী র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান তাকে এক বছর কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন।IMG0
র্যাব-২ এর উপ-পরিচালক মেজর নাসির উদ্দিন জানান, বন বিভাগের কর্মকর্তা সোহেল রানা ও র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে ঘাটারচরের লেকসিটিতে অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে রাখা ফলের ঝুঁড়িতে রক্ষিত ১৭টি গোখরা সাপসহ বাবুল মিয়াকে (২৮) আটক করা হয়। আটক বাবুল জিজ্ঞাসাবাদে জানায় দেশে ও দেশের বাহিরে সাপের বিষ ও চামড়ার ব্যাপক চাহিদা থাকায় অধিক মুনাফার লোভে তিনি দেশের বিভিন্ন স্থান হতে সাপ সংগ্রহ করে থাকেন। এ ক্ষেত্রে তাদের গ্রুপে কয়েক জন সদস্য কাজ করে। যারা দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কোথাও কোন বিষধর সাপের সন্ধান পাওয়া গেলে তারা প্রথমে সাপগুলো সংগ্রহ করে বাবুলের কাছে স্থানান্তর করে। বাবুল সাপগুলো হতে বিষ সংগ্রহ করে। পরবর্তীতে সাপ ও সাপের বিষ দেশ ও দেশের বাহিরে বিক্রয় করে থাকেন।