জেলার সদর উপজেলার ফতুল্লার পাগলার ভাঙ্গারপুল এলাকায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী লেগুনার পাঁচজন যাত্রী নিহতের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সকালে এ কমিটি গঠন করা হয়।
রেলওয়ের জিএম মোজাম্মেল হক জানান, বাংলাদেশ রেলওয়ের ডিটিও (ডিভিশনটার ট্রান্সপুটেশন অফিসার) মাহবুব আলমকে প্রধান করে এই তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে তিনদিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
দুর্ঘটনার পর মঙ্গলবার সকাল থেকে রেলওয়ে কর্তৃপক্ষ ওই অবৈধ ক্রসিংটি বন্ধ করে দেয়। যে কারণে ওই ক্রসিং দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।
উল্লেখ্য, গতকাল সোমবার রাত পৌনে ১১টায় পাগলার রসুলপুরে ভাঙারপুল এলাকাতে রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে লেগুনার পাঁচজন যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও অন্তত সাতজন যাত্রী।