গ্রিসের ঋণ সংকট নিয়ে চলমান অচলাবস্থা কাটাতে ব্রাসেলসে অনুষ্ঠিত বৈঠকে অগ্রগতির কথা জানিয়েছেন ইউরোপের নেতারা। আগামী এক সপ্তাহের মধ্যে ঋণ দাতাদের সঙ্গে দেশটি একটি চুক্তিতে উপনীত হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ইউরোজোনের নেতারা।
জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল বলেন, গ্রিসের উত্থাপিত নতুন প্রস্তাবে 'বেশ কিছু অগ্রগতির' কথা উল্লেখ রয়েছে। তবে তিনি এও বলেন, এখনও অনেক কাজ বাকি রয়েছে এবং 'সময় খুব সংক্ষিপ্ত'।
ঋণ সঙ্কট নিয়ে অচলাবস্থা অবসানে গ্রিসের অর্থমন্ত্রী ব্যবসায়ী এবং ধনীদের ওপর নতুন কর আরোপের পরিকল্পনাসহ একটি নতুন প্রস্তাব দিয়েছেন। গ্রিসের এই প্রস্তাবকে উইরোজোনের নেতারা ইতিবাচক বলে স্বাগত জানিয়েছেন।
গ্রিসকে এমাসের শেষ নাগাদের মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর ১ দশমিক ৬ বিলিয়ন ইউরোর ঋণ পরিশোধ করতে হবে। ঋণ পরিশোধে ব্যর্থ হলে দেশটিকে একক মুদ্রা ইউরো ও ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার ঝুঁকির মুখে পড়তে হবে।
গ্রিসের ঋণ সংকট নিয়ে গত পাঁচ মাস ধরে আলোচনায় অচলাবস্থা বিরাজ করছে। এদিকে গ্রীস অর্থনৈতিক সংস্কারে রাজি না হওয়ায় ইউরোপীয় কমিশন, আইএমএফ ও ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক (ইসিবি) ৭ দশমিক ২ বিলিয়ন ইউরোর 'বেইল আউট' তহবিল ছাড় করতে অনাগ্রহ দেখাচ্ছে। কেবল একটি চুক্তি হলেই ঋণদাতারা ওই অর্থ ছাড় করবে।
গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সি সিপরাস সোমবার ব্রাসেলসে সম্মেলনের আগে গ্রিসের তিনটি আন্তর্জাতিক ঋণদানকারী সংস্থা ইউরোপীয় কমিশন, আইএমএফ ও ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) প্রধানদের সঙ্গে বৈঠক করেন। সূত্র: এএফপি