ঢাকার কেরাণীগঞ্জের ঘাটারচর এলাকায় অভিযান চালিয়ে র্যাব ১৭টি গোখরো সাপসহ বাবুল মিয়া (২৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনের ৪০ ধারা অনুযায়ী র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান তাকে ১ বছর কারাদণ্ডাদেশ এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন।
র্যাব-২-এর উপপরিচালক মেজর নাসির উদ্দিন জানান—বন বিভাগের কর্মকর্তা সোহেল রানা ও র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে ঘাটারচরের লেকসিটিতে অভিযান পরিচালনা করে পাচারের উদ্দেশে রাখা ফলের ঝুঁড়িতে রক্ষিত ১৭টি গোখরো সাপসহ বাবুল মিয়াকে আটক করা হয়।
আটককৃত বাবুল জিজ্ঞাসাবাদে জানিয়েছে—দেশে ও দেশের বাইরে সাপের বিষ ও চামড়ার ব্যাপক চাহিদা থাকায় অধিক মুনাফার লোভে তিনি দেশের বিভিন্ন স্থান হতে সাপ সংগ্রহ করে থাকেন। এ ক্ষেত্রে তাদের গ্রুপে কয়েকজন সদস্য কাজ করেন, যারা দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। কোথাও কোনো বিষধর সাপের সন্ধান পাওয়া গেলে তারা প্রথমে সাপগুলো সংগ্রহ করে বাবুলের কাছে স্থানান্তর করে। বাবুল সাপগুলো থেকে বিষ সংগ্রহ করেন। পরে সাপ ও সাপের বিষ দেশ ও দেশের বাইরে বিক্রয় করে থাকেন।