বগুড়ায় শিবির সভাপতিসহ গ্রেফতার ৪

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরি পরিষদের সদস্য ও বগুড়া শহর শাখার সভাপতি রেজাউল করিমকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় আরো তিন কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
 
সোমবার মধ্য রাতে শহরের সবুজবাগ এলাকায় ‘জায়েদা মহল’ নামের একটি বাসায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার অপর তিনজন হলেন, বগুড়া শহরের ঠনঠনিয়া হাজিপাড়া এলাকার বাসিন্দা মোজাফ-ই নাঈম (২০), সদর উপজেলার লাহিড়ীপাড়ার বাসিন্দা শাহজামাল (২৫) ও গাইবান্ধা জেলার পলাশবাড়ী হরিণমারি গ্রামের বাসিন্দা মোস্তাইন বিল্লাহ (২৪)।
 
মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের পুলিশ সুপার কার্যালয়ে মিডিয়া কর্মীদের সামনে হাজির করা হয়। পরে বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
 
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, তাদের  গ্রেফতারের সময় শিবিরের কর্মকাণ্ড সম্পর্কিত ৩২টি সিডি ও বেশ কিছু জিহাদি বই জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও ভাঙচুরের ঘটনায় জড়িত অভিযোগে একাধিক মামলা রয়েছে। রেজাউলের বিরুদ্ধেই রয়েছে ১৮টি মামলা।