মুস্তাফিজকে ঠেকানোর কৌশল খুঁজে পেয়েছে বলে দাবি করেছে ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তৃতীয় ম্যাচে মাঠে নামার আগে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন।
তবে কী সে কৌশল তা নিয়ে মুখ খুলেননি তিনি। এ প্রসঙ্গে অশ্বিন বলেন, ‘মাঠে প্রয়োগ করে মুস্তাফিজকে আটকানোর নতুন কৌশল দেখাব। এখানে কিছু বলব না।’
মুস্তাফিজের বিষয়ে ভারত আলাদা পরিকল্পনা নিয়ে মাঠে নামবে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে মুস্তাফিজকে নিয়ে একটার পর একটা প্রশ্ন সামলাতে সামলাতে রীতিমতো অসহায়ত্ব প্রকাশ করেন ভারতের এই অভিজ্ঞতম অফস্পিনার।
সংবাদ সম্মেলনের এক পর্যায়ে দলটির মুখপাত্র হয়ে আসা রবিচন্দন অশ্বিন যেন খেপেই উঠলেন। বললেন, ‘আসলে আমাদের কী করতে বলেন? আমরা কী ওকে কিডন্যাপ করে ফেলতে পারি?’
২-০-তে পিছিয়ে থেকে বুধবার তৃতীয় ম্যাচ খেলতে নামবে ভারত। সেই ম্যাচে সান্ত্বনার জয় খুঁজে পাওয়ার চেষ্টায় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। যেকোনো মূল্যে হোয়াইট-ওয়াশ এড়াতে বদ্ধপরিকর ভারত, এমনটিই জানালেন অশ্বিন।