শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষকদের চলমান আন্দোলনের সঙ্গে জড়িতদের শনাক্তসহ বিচার করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পাশাপাশি ঘটনাটি তদন্তের দাবি জানিয়েছেন সিলেট-৩ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী।
মঙ্গলবার জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীসহ সংসদের কাছে এই দাবি জানান। প্রসঙ্গত, এর আগে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. জাফর ইকবালকে চাবুক মারার ইচ্ছা পোষণ করে সমালোচিত হন এই সংসদ সদস্য।
মাহমুদ উস সামাদ বলেন, ‘সারা বিশ্বের মধ্যে এই বিশ্ববিদ্যালয়টি ২৫০০ নম্বরে অবস্থান করছে। অথচ প্রতিবছরই বা দুই বছর পরপরই কিছু শিক্ষক এখানে আন্দোলন শুরু করেন। এর আগে এখানকার ভিসি মোসলেহ উদ্দিনকে তার কোয়ার্টারে স্ত্রী, মা-বোনসহ দপ্তরে তালাবদ্ধ রেখে আগুন লাগিয়ে দেয়া হয়েছিল। আগুন নেভাতে দমকল বাহিনী আসতে গেলে তাদেরও বাধা দেয়া হয়। ওই ঘটনায় ৭-৮ মাস বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল। বর্তমান ভিসি আমিনুল হক ভূঁইয়ার সঙ্গে সামান্য একটি ঘটনায় দুই মাস আগে ৩০ জন শিক্ষকের সঙ্গে ঝগড়া হয়। এরপর ভিসি তার স্ত্রীর সন্তান প্রসবের জন্য দুই মাসের ছুটিতে ছিলেন। ছুটি শেষে সোমবার তিনি যোগদান করার সঙ্গে-সঙ্গেই কিছু শিক্ষক তার পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করে দিয়েছেন। তিনি এখন অবরুদ্ধ।’