ডিএসইর সূচক সাড়ে চার হাজারের নিচে

 
পুঁজিবাজারে মঙ্গলবার সূচক কমলেও বেড়েছে লেনদেনের পরিমাণ। উভয় বাজারেই এ প্রবণতা দেখা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে চার শ কোটি টাকার ওপরে। তবে সার্বিক মূল্যসূচক কমে সাড়ে চার হাজার পয়েন্টের নিচে নেমে এসেছে। 
 
আইডিএলসির দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে—দুই কার্যদিবস লেনদেন নিম্নমুখী থাকার পর লেনদেন কিছুটা বেড়েছে। অনেক কোম্পানির শেয়ারদরই তেমন একটা পরিবর্তিত হয়নি। 
 
তথ্যে দেখা গেছে, ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১৪ কমে ৪ হাজার ৪৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্য সূচক ১ বেড়ে ১ হাজার ৭৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৩৪ কোটি ৫৩ লাখ টাকার, যা আগের দিনের চেয়ে ৫৪ কোটি ১ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ৩১৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০২টির, কমেছে ১৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টি কোম্পানির শেয়ারের। 
 
অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ৮৮ কমে ১৩ হাজার ৮২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৩৫ কোটি ৮০ লাখ টাকার, যা আগের কার্যদিবসের চেয়ে ৯ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৩৫টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৬৮টির, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ারের দর।