ইংল্যান্ডের কাউন্টি ক্লাব ইয়র্কশায়ারের দ্বিতীয় একাদশের হয়ে ম্যাচ খেলতে গিয়ে বুকে বলের আঘাত পেয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার এ্যারন ফিঞ্চ। আঘাত পাবার পর পরই হাসপাতালে নেয়া হয় ফিঞ্চকে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর ক্লাবের এক মুখপাত্র জানান, ‘ফিঞ্চ আশংকামুক্ত। হাসপাতালে তার থাকার প্রয়োজন নেই।’
বার্মিংহামে ওরচেস্টারশায়ারের বিপক্ষে পেসার ক্রিস রাসেলের বল পুল করতে গিয়ে বুকে আঘাত পান ফিঞ্চ। ব্যাথা পাবার পরই তাকে প্রাথমিক চিকিৎসা দেন দলের ফিজিও। তবে ধীরে ধীরে তার বুকের ব্যথা বেড়ে যাওয়ায়, সাথে সাথে ফিঞ্চকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পরে হাসপাতালে ফিঞ্চের বুকে বিভিন্ন পরীক্ষা-নিরিক্ষা করে চিকিৎসকরা। পরীক্ষা-নিরিক্ষা শেষে কর্তব্যরত ডাক্তার তাকে হাসপাতাল ছাড়ার অনুমতি দেন। এ ব্যাপারে ক্লাবের একজন মুখপাত্র জানান, ‘আশংকামুক্ত রয়েছেন ফিঞ্চ। দ্রুতই ব্যথা কমে যাবে। এজন্য হাসপাতালে থাকার কোন প্রয়োজন নেই ফিঞ্চের।’
অস্ট্রেলিয়ার হয়ে এখন পর্যন্ত ৪৯টি ওয়ানডে ও ২২টি টুয়েন্টি টুয়েন্টি ম্যাচ খেলেছেন ফিঞ্চ। ওয়ানডেতে ১৭২৭ ও টি-২০ ম্যাচে ৭৫৬ রান করেছেন ২৮ বছর বয়সী ফিঞ্চ।