কঠিন পথ ব্রাজিলের সামনে

 
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে এবার কোপা আমেরিকা শিরোপা জিততে হলে তাদের কঠিন পথ পাড়ি দিতে হবে। কেননা ফাইনাল পর্যন্ত যেতে হলে তাদের শক্তিশালী প্রতিপক্ষদের সঙ্গে মুখোমুখি হওয়ার পাশাপাশি খেলতে হবে তারকা স্ট্রাইকার নেইমার ছাড়া।
 
ব্রাজিল গত সোমবার তাদের অধিনায়ক নেইমারের ওপর চার ম্যাচের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল না করার সিদ্ধান্ত নিয়েছে। যার অর্থ টুর্নামেন্টের নট-আউট পর্বের সবগুলো ম্যাচই কোচ কার্লোস দুঙ্গার দলকে খেলতে হবে তারকা এই স্ট্রাইকারকে ছাড়া। কলম্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের খেলা শেষে অখেলোয়াড় সুলভ আচরণ করায় এই নিষেধাজ্ঞা পান দলের অন্যতম সেরা নেইমার।
 
চলতি কোপার নক-আউট পর্বের সূচী যেভাবে দাঁড়িয়েছে, তাতে ফাইনালে নিশ্চিত করতে হলে কঠিন পথই পাড়ি দিতে হবে ব্রাজিলকে। তবে ফাইনালে যাওয়ার পথে তুলনামূলক সহজ প্রতিপক্ষদের পাবে স্বাগতিক চিলি। কোয়ার্টার ফাইনালের ড্র’তে একই দিকে পড়েছে আর্জেন্টিনা, কলম্বিয়া এবং ব্রাজিল। দলগুলোর র‍্যাঙ্কিং যথাক্রমে তিন থেকে পাঁচ। এই পক্ষে প্যারাগুয়েই তুলনামূলক কম শক্তিশালী। শেষ আটের লড়াইয়ে ব্রাজিল বিশ্বকাপের রানার্স-আপ আর্জেন্টিনা লড়বে কলম্বিয়ার সঙ্গে। ব্রাজিল খেলবে প্যারাগুয়ের সঙ্গে। কোয়ার্টার ফাইনালের অপর পক্ষে আজ বুধবার স্বাগতিক চিলি মুখোমুখি হবে উরুগুয়ের সঙ্গে। এই পক্ষের অপর কোয়ার্টার ফাইনালে ফিফার র‍্যাঙ্কিংয়ে ৬১ নম্বরে থাকা পেরু খেলবে ৮৯ নম্বরের বলিভিয়ার সঙ্গে।
 
চিলির কঠিন লড়াইটি হবে কোয়ার্টার ফাইনালে হবে। এখানে তাদের লড়তে হবে ফিফার অষ্টম র্যাঙ্কিংধারী দল বর্তমান চ্যাম্পিয়ন উরুগুয়ের সঙ্গে। শেষ আটের রাউন্ডে সবচেয়ে কঠিন লড়াইটি হতে পারে আর্জেন্টিনা এবং কলম্বিয়ার মধ্যেই। কেননা র্যাঙ্কিং অনুযায়ী তারাই এবারের কোপার শীর্ষ দুই দল। বড় দুই দলের এই লড়াইয়ে বিজয়ীরা সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে ব্রাজিলকে পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
 
শেষ আটের লড়াইয়ে ব্রাজিল এবার প্যারাগুয়েকে তুলনামূলক কম শক্তিশালী মনে হলেও তাদের হালকাভাবে নেয়া ঠিক হবে না। কেননা এই দলটির কাছেই গত আসরে কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিতে হয়েছিলো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। তবে গত কয়েক বছর ধরে ক্রমাগতভাবে খারাপের দিকেই যাচ্ছে প্যারাগুয়ের পারফরম্যান্স। ২০১০ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলার পর পরের বছরেই কোপা আমেরিকার ফাইনাল খেলে চমক দেখিয়েছিলো তারা। অথচ ওই দলটিই কি-না গত বছর ব্রাজিল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে ব্যর্থ হয়।
 
ব্রাজিল নিয়মিত অধিনায়ক নেইমারকে ছাড়াই চলতি আসরে ভালো করার প্রত্যয় ব্যক্ত করেছে করছে। সেই সঙ্গে চার বছর আগে কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ের কাছে টাই-ব্রেকারে হারের প্রতিশোধও নিতে চায় দলটি। —এমনটাই আভাস পাওয়া গেলো ব্রাজিলের তারকা সেন্টার-ব্যাক থিয়াগো সিলভার কাছ থেকে। তিনি বলেন, ‘এটা একটি কঠিন ম্যাচ হতে যাচ্ছে। কেননা এই প্রতিযোগিতার প্রত্যেকটি দলই শক্তিশালী। প্যারাগুয়ে গত আসরে ফাইনাল খেলেছিলো এবং আমাদের হারিয়েছিলো। তাই আগামী শনিবার কোয়ার্টার ফাইনালে তাদের হারানোটা বিশেষ তাত্পর্য বহন করবে।’
 
তবে প্যারাগুয়ে চলতি আসরে ব্যর্থতা কাটিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। গ্রুপ পর্বের খেলায় শক্তিশালী দুই দল আর্জেন্টিনা এবং উরুগুয়ের সঙ্গে ড্র করে তারা এরই মধ্যে নৈপূণ্যের পরিচয় দিয়েছে। এর মধ্যে দারুণ খেলছেন দলের গোলরক্ষক ডুয়ানে কের।
 
এদিকে, স্বাগতিক চিলির সামনে এবারই সবচেয়ে বড় সুযোগ কোপা আমেরিকা জেতার। দলটি এর আগে চারবার ফাইনাল খেললেও শিরোপা ঘরে তুলতে পারেনি। সর্বশেষ ১৯৮৭ সালে কোপার ফাইনাল খেলা চিলির দলটিকে সোনালি প্রজন্ম বলে অভিহীত করা হচ্ছে, যারা গত বছর বিশ্বকাপে স্পেনকে হারানোর নৈপূণ্য দেখিয়েছে। চলতি টুর্নামেন্টও যত সামনে এগুচ্ছে ততই নিজেদের মেলে ধরছেন চিলির খেলোয়াড়রা। এই ধারাবাহিকতায়ই গ্রুপ পর্বের শেষ খেলায় বলিভিয়াকে ৫-০ গোলে হারায় অ্যালেক্সিস সানচেজ-আর্টুরো ভিদালরা।
 
গত আসরের চ্যাম্পিয়ন উরুগুয়েও শিরোপা ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেছে। যদিও নিষেধাজ্ঞার কারণে তারা অন্যতম সেরা স্ট্রাইকার লুই সুয়ারেজকে টুর্নামেন্টে পাচ্ছে না। আর্জেন্টিনা দীর্ঘ ২২ বছর পর ফের কোপা শিরোপা ঘরে তুলার লক্ষ্য নিয়ে চিলিতে গেলেও এখন পর্যন্ত দলটি তাদের মানদণ্ড অনুযায়ী খেলা দেখাতে পারেনি। যদিও কোচ জেরার্ডো মার্টিনোর দলে রয়েছে লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, অ্যাঞ্জেল ডি মারিয়া, জাভিয়ের পাস্তোরে, কার্লোস তেভেজ এবং গঞ্জালো হিগুয়াইনের মতো তারকারা।—সুপার স্পোর্টস