ভারতীয় দলের নেটে এক স্থানীয় বাহাতি পেসারকে খুব গুরুত্ব দেয়া হচ্ছিল। দুপুরে মহেন্দ্র সিং ধোনিরা আসার পর থেকে নেটে টানা বল করে গেলেন ওই পেসার। উদ্দেশ্য পরিষ্কার—মুস্তাফিজুর রহমানকে আরও ভালোভাবে সামলাতে পারা, তাকে বুঝতে পারা। সেটা ভারতীয়রা পারবে কি না, তা মাঠেই বোঝা যাবে। তবে মুস্তাফিজ যদি সামান্য চেষ্টা করেন, তাহলে বিশ্ব রেকর্ড বুকে আজ উঠে যেতে পারে তার নাম।
তিন ম্যাচের সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে যেতে পারেন মুস্তাফিজুর রহমান।
তিন ম্যাচের সিরিজে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারী অস্ট্রেলিয়ার রায়ান হ্যারিস। ২০১০ সালে তিনি পাকিস্তানের বিপক্ষে নিয়েছিলেন ১৩ উইকেট। আর ভ্যাসবার্ট ড্রাকেস ২০০২ সালে বাংলাদেশের বিপক্ষে নিয়েছিলেন ১২ উইকেট। মুস্তাফিজ এখন পর্যন্ত দুই ম্যাচেই ১১ উইকেট নিয়ে ফেলেছেন। আর ২ উইকেট নিলে বিশ্বরেকর্ড স্পর্শ করবেন, ৩ উইকেট নিলে সবাইকে ছাপিয়ে যাবেন।
এমনকি যে কোনো ধরনের ওয়ানডে সিরিজেও সর্বোচ্চ উইকেট খুব বেশি দূরের ব্যাপার নয়। ৭ ম্যাচ সিরিজে জাভাগল শ্রীনাথ একবার নিয়েছিলেন ১৮ উইকেট। আর অমিত মিশ্র ৫ ম্যাচে নিয়েছিলেন ১৮ উইকেট। প্যাট্রিক প্যাটারসন ৬ ম্যাচে ১৭ ও ক্রেইগ ম্যাথুস ৭ ম্যাচে ১৭ উইকেট নিয়েছিলেন। এরপর ১৬ উইকেটের জায়গাটা ফাঁকাই আছে। চাইলে মুস্তাফিজ সেখানে চলে যেতেই পারেন।
মুস্তাফিজের এই সিরিজে ১৬ উইকেট নিয়ে ফেলা মানে, আবারও ৫ উইকেট নিতে হবে তাকে। আর সেটা হলে আবার ওয়াকার ইউনুসের পাশে চলে যাবেন মুস্তাফিজ। বিশ্বে এখন পর্যন্ত টানা তিন ম্যাচে ৫ বা ততোধিক উইকেট নেয়া একমাত্র বোলার হয়ে আছেন ওয়াকার। তাকেও চোখ রাঙাতে পারেন মুস্তাফিজ।
ওয়ানডে ক্রিকেটে অভিষেকের পর প্রথম দুই ম্যাচে ১১ উইকেট নিয়ে ইতিমধ্যে ইতিহাসে নাম লিখিয়েছেন মুস্তাফিজ। এর আগে ক্যারিয়ায়ের প্রথম দুই ম্যাচে ৫ বা ততোধিক উইকেট নেয়ার ঘটনা একটি।