চট্টগ্রামে ব্যাটারি চালিত রিকশা চলাচলে ফের নিষেধাজ্ঞা

চট্টগ্রাম মহানগরীতে আজ বুধবার থেকে আবারো ব্যাটারি চালিত রিকশা চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সিএমপি।

গতকাল মঙ্গলবার সিএমপির জনসংযোগ শাখা হতে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, চট্টগ্রাম মহানগরী এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল সংক্রান্ত হাইকোর্টে দায়েরকৃত রিট পিটিশনটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে খারিজ করে আদেশ প্রদান করা হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে আজ থেকে চট্টগ্রাম মহানগরী এলাকায় ব্যাটারি চালিত রিকশা বের না করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা যাচ্ছে। অন্যথায় চট্টগ্রাম মহানগর পুলিশ ব্যাটারি চালিত এসব রিকশা উচ্ছেদসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। নগরীর যানজট নিরসনসহ জননিরাপত্তা বিবেচনা করে সংশ্লিষ্টদের এ নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।