মেক্সিকোতে বৃদ্ধাশ্রমে আগুনে ১৬ জনের মৃত্যু

 
মেক্সিকোর উত্তরাঞ্চলে মঙ্গলবার ভোরে একটি বৃদ্ধাশ্রমে আগুনে কমপক্ষে ১৬ জন মারা গেছে। বৃদ্ধাশ্রমটিতে উদ্দেশ্যমূলকভাবে আগুন দেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
 
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ‘বিউটিফুল ডাস্ক’ নামের ঐ বৃদ্ধাশ্রমে আগুনের ঘটনায় আরো পাঁচ সিনিয়র নাগরিক দগ্ধ হয়েছে এবং একজন এখনো নিখোঁজ রয়েছে।
 
মেক্সিকোর মেয়র জেইমি দিয়াজ ওচোয়া রেডিও ফর্মুলাকে বলেন, ‘বৃদ্ধাশ্রমের দায়িত্বে থাকা লোককে খোঁজা হচ্ছে। সেখানে উদ্দেশ্যমূলকভাবে আগুন ধরিয়ে দেয়া হয়েছে। এ ব্যাপারে আমরা তদন্ত প্রতিবেদন দেখার অপেক্ষায় রয়েছি।
 
দিয়াজ জানান, বৃদ্ধাশ্রম পরিচালনার ক্ষেত্রে ব্যবস্থাপনা কমিটির মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে সমস্যা রয়েছে। এর সাথে আগুন দেয়ার একটি সম্পর্ক থাকতে পারে।
 
মেক্সিকোর দমকল প্রধান ফার্নান্দো রিভেরা জানান, স্থানীয় সময় ভোর চারটায় আগুন লাগে। এ সময় বৃদ্ধাশ্রমে ৪৪ জন জ্যেষ্ঠ নাগরিক ছিল। সূত্র: এএফপি।