‘চৌহালীতে ৬৮০ কোটি টাকা ব্যয়ে ভাঙ্গনরোধ কার্যক্রম’

পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, ‘সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ভাঙ্গনের হাত থেকে সর্বশান্ত মানুষের বাকি ভিটে মাটি রক্ষায় এডিবি এবং ন্যাদারল্যান্ড সরকারের সহযোগিতায় সরকার পর্যায়ক্রমে ৬৮০ কোটি টাকা ব্যয়ে ভাঙ্গনরোধ কার্যক্রম বাস্তবায়ন করবে। আগামী অক্টোবর মাস থেকে প্রথম ধাপের ১২১ কোটি টাকা ব্যয়ে পাঁচ কিলোমিটার কাজ শুরু হলে এ এলাকা ভাঙ্গন থেকে রক্ষা পাবে।’
 
বুধবার দুপুরে চৌহালীর ভাঙ্গন এলাকা পরিদর্শন শেষে এলাকাবাসীর সাথে ভাঙ্গন প্রতিরোধ বিষয়ে মত বিনিময় সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
 
তিনি আরো বলেন,‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা চৌহালীর ভাঙ্গন রোধে নিজেই সব কিছু তদারকি করছেন। প্রধানমন্ত্রী চৌহালীর বাকি স্থান টুকু ধরে রাখতে চান। পাশাপাশি নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের পুনঃবাসনেও ভূমিকা রাখতে চান। আগামীতে পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে যে বাধ দেয়া হবে এতে এলাকার সকলকেই সহযোগিতা করতে হবে। কোন রকম অনিয়ম-দুর্নীতি বরদাস্ত করা হবে না। অনিয়ম সংক্রান্ত যে কেউ অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।’
 
এ সময় পানি সম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম, সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মজিদ মন্ডল,  পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব ড. জাফর আহমেদ খান, টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহজাহান সিরাজ, সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাসান ইমাম, সিরাজগঞ্জের এডিসি জেনারেল আনোয়ার পাশা, উপজেলা নির্বাহী অফিসার রেজাউল বারী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নওজেশ আলী মোল্লা, সাধারন সম্পাদক ফারুক সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।